বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি একটি নতুন সশস্ত্র সংগঠনের আবির্ভাব এবং তাদের আকস্মিক তৎপরতা বৃদ্ধির কারণে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা উল্লেখ্য করে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সুচারু পরিচালনার স্বার্থে, বগালেক, কেওক্রাডং এবং সুংসাং পাড়াসহ থানচি উপজেলার আওতাধীন সকল পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ঝুঁকিপুর্ণ এলাকাগুলোতে সর্বসাধারণ এবং পর্যটকদের ভ্রমণ ও প্রবেশ ২২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো।
বান্দরবান জেলা প্রশাসনের নামে এমন একটি ভূয়া গনবিজ্ঞপ্তি কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর প্রেক্ষিতে জেলায় আগত পর্যটক ও স্থানীয়দের মনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, বিভ্রান্তি দুর করতে মঙ্গলবার ২৩ জুন বিকালে গনবিজ্ঞপ্তি জারি করে বান্দরবান জেলা প্রশাসন।
বান্দরবান জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত গনবিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলার স্বাক্ষর সংবলিত বান্দরবানের বিভিন্ন স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উক্ত বিজ্ঞপ্তিটি স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা শাখা হতে মোহাম্মদ সাজ্জাদ হোসেন কর্তৃক ২১ জুন স্বাক্ষরিত হয়েছে। প্রকৃতপক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা শাখা নামক কোন শাখার অস্তিত্ব নেই এবং মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে কোন কর্মকর্তা এ কার্যালয়ে কর্মরত নেই।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি বা প্রচার করা হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। অতএব, জনসাধারণকে উক্ত ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঘ সানিউল ফেরদৌস জানিয়েছেন, বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকরা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছেন। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া তি নি আরো জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণেরও উদ্যোগ নেয়া হয়েছে।আইনশৃঙ্খলা সংস্থার আইসিটি শাখা ইতিমধ্যে কাজ শুরু করেছে।