বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দৌলতপুর থানার ওসি বদলি

ফরিদ আহমেদ, দৌলতপুর প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগগুলোর বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিভিন্ন ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসি আরিফুর রহমান দৌলতপুর থানায় যোগদানের পর থেকে মাদক ও অস্ত্র মামলার আসামি, সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পক্ষ থেকে উত্থাপিত হয়ে আসছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারীরা জানান, এসব বিষয়ে একাধিকবার পুলিশ হেডকোয়ার্টারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনার আলোকে গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে ওসি আরিফুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সাম্প্রতিক সময়ে দৌলতপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিভিন্ন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ওসি আরিফুর রহমানকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে ওসি আরিফুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com