বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে রোববার সকালে ডোবা থেকে হাত-পা বাধা বস্তাবন্দী এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে কিনা তা এখনো রহস্যজনক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকায় বোর্ডঘর-চান্দাবহ আঞ্চলিক সড়কের পাশে ডোবাতে রোববার সকালে একটি বস্তা ভর্তি অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশ খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী নিহত যুবতীর লাশ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাধা, ডান পায়ের গুড়ালি কাটা, নাকে রক্ত ও গলায় উড়না পেছানো অবস্থায় ছিল। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরণে ছিল কালো বোড়কা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর রাতের কোনো এক সময় তাকে ওই ডোবাতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা কিনা তা এখনো রহস্যজনক বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, তদন্ত ওসি রাজীব চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই হত্যাকান্ডের তদন্তের কাজ শুরু করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর রাতের কোনো এক সময় তাকে ওই ডোবাতে ফেলে রেখে গেছে দুর্বত্তরা। তবে পিবিআই তদন্ত কাজ শুরু করেছে। তাদের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।