বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
মাঈন উদ্দিন, খালিয়াজুরী (স্টাফ রিপোর্টার ) ঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ সানোয়ার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লেপসিয়া লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সানোয়ার উপজেলার রসূলপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লেপসিয়া লঞ্চঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় কয়েকজন যুবক সানোয়ারকে আটক করে লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে এসআই রাব্বী ও এসআই ওয়াদুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে তল্লাশি করে ২২ পিস ইয়াবা উদ্ধার করে। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে এসআই রাব্বী বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন ২নং চাকুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, কামাল আজিম, নবাব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় মাদকের বিস্তার কমবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।