মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সাথে বাংলাদেশ সরকারের কোনো ‘আলোচনা নেই’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। শেখ হাসিনাকে কীভাবে হস্তান্তর করা হবে, সেই আলোচনা কেবল ‘ভারতের সঙ্গেই নির্ধারিত হবে’ বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জাহেদ বলেন, বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। উনার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ না। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, না হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে- এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর দিয়েছে রয়টার্স।
তার মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।
রয়টার্স লিখেছে, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো দিন জানালেন। এতে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে।
এদিকে শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
কোনো পরিবহন পাঠানো নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরানোর সরকারের অবস্থানের কথা পুনর্ব্যক্তও করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।