মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

৮১ বছর বয়সে বুকার জিতলেন এম জন হ্যারিসন

আন্তর্জাতিক ডেস্ক:: ২০২৬ সালের বুকার পুরস্কার জিতলেন ৮১ বছর বয়সি ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। তার সাড়া জাগানো উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য এই সম্মান পেলেন তিনি। দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস পেল বুকার। এছাড়া এর মধ্যে দিয়ে হ্যারিসন নিজেও বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন।

সোমবার (৯ নভেম্বর) লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডের চেক ও ট্রফি।

এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্তামেন্টস’ উপন্যাসের জন্য যৌথভাবে পুরস্কার জিতে এই রেকর্ডটি ধরে রেখেছিলেন মার্গারেট অটউড।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করে জানান, অতীতে অনেক লেখক সায়েন্স ফিকশনে হাত পাকালেও হ্যারিসনই হলেন খাঁটি এসএফ (সায়েন্স ফিকশন) জগত থেকে উঠে আসা প্রথম বুকারজয়ী।

১৯৮ পৃষ্ঠার সংক্ষিপ্ত এই উপন্যাসটির পটভূমি নিকট-ভবিষ্যতের কেন্ট উপকূল। এমন এক সময়ের গল্প, যার বিপর্যয় সম্পর্কে কারো স্পষ্ট ধারণা নেই। উপন্যাসের মূল চরিত্র ফিলিপ টেনেন্ট ও তার বৃদ্ধ ফুফু মার্নি রহস্যময় ‘আই-ঘেটি’- যাদের উৎস ও উদ্দেশ্য আজও অজানা- এমন এক বিশাল শক্তির হুমকির মুখে টিকে থাকার লড়াই চালিয়ে যান।

বিচারকমণ্ডলীর প্রধান ও প্রখ্যাত ইতিহাসবিদ মেরি বিয়ার্ড জানান, সারাদিনের আলোচনার পর সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি এমন একটি বই যা আপনাকে ওলটপালট করে দেবে এবং এই বিষয়ের হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে মনে এক ফালি আশাবাদ জাগিয়ে তুলবে। তিনি আরো যোগ করেন, এটি ভবিষ্যতের লেন্স দিয়ে বর্তমানের রাজনীতিকে দেখার এক অনন্য প্রয়াস।

১৯৪৫ সালে জন্ম নেওয়া এম জন হ্যারিসন দীর্ঘ ছয় দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। এর আগেও তিনি ‘ক্লাইম্বার্স’, ‘নোভা সুইং’ এবং ‘দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইস এগেইন’-এর মতো প্রখ্যাত উপন্যাসের জন্য একাধিক সাহিত্য পুরস্কার অর্জন করেছেন।

চলতি বছরের বুকার শর্টলিস্টে আরো ছিলেন মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড এবং রেবেকা পেরি। শর্টলিস্টে থাকা প্রত্যেকেই ২ হাজার ৫০০ পাউন্ড করে প্রাইজমানি পেয়েছেন।

তার এই বিজয় এমন একজন লেখকের জন্য মূলধারার স্বীকৃতি অর্জনের এক বিরল মুহূর্ত, যিনি দীর্ঘকাল ধরে সহকর্মীদের কাছে অত্যন্ত সম্মানিত হলেও মূলধারার সাহিত্যজগতের ঠিক প্রান্তে অবস্থান করছিলেন। গত মাসে বিবিসি রেডিও ৪-এর ‘ফ্রন্ট রো’ অনুষ্ঠানে হ্যারিসন বলেন, তিনি “উপন্যাসিক এবং সমালোচক উভয় হিসেবেই ব্যবধান দূর করতে ৪০ থেকে ৫০ বছর ধরে কাজ করে চলেছেন।” তিনি আরো যোগ করেন, “সায়েন্স ফিকশনের একটি ভালো লেখা কেন সাহিত্যিক কথাসাহিত্য হিসেবে গণ্য হবে না?”

হ্যারিসনের এই জয়ের মাধ্যমে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’ প্রথমবারের মতো বুকার পুরস্কার অর্জন করল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com