editor1
- ৮ নভেম্বর, ২০২৬ / ১৬ জন দেখেছেন

ছবি সংগৃহিত
একুশের কন্ঠ ডেস্ক : স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, বিনোদন কিংবা অনলাইন লেনদেন—সবকিছুতেই নির্ভরতা বেড়েছে এই ছোট্ট ডিভাইসটির ওপর। তাই ফোনের ব্যাটারি ভালো রাখা জরুরি। কিন্তু চার্জ দেওয়ার সময় অনেকেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যা অজান্তেই ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে আগুন লাগা বা বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, স্মার্টফোন নিরাপদ রাখতে চার্জ দেওয়ার সময় পাঁচটি অভ্যাস এড়িয়ে চলা প্রয়োজন।
১. মান যাচাই না করে চার্জার কেনা
চার্জার হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে অনেকেই কম দামের চার্জার কিনে ব্যবহার করেন। কিন্তু নিম্নমানের চার্জারে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকলে ফোন অতিরিক্ত গরম হওয়া, চার্জিংয়ে সমস্যা কিংবা বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।
তাই ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তৈরি চার্জার ব্যবহার করা উচিত। কেনার আগে চার্জারের মান ও নিরাপত্তা সনদ যাচাই করাও জরুরি।
২. ঘুমানোর সময় বালিশের নিচে ফোন রাখা
রাতে চার্জে লাগিয়ে ফোন বালিশের পাশে, কম্বলের নিচে কিংবা বিছানায় রেখে ঘুমানোর অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এতে ফোনের উৎপন্ন তাপ আটকে গিয়ে অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা থাকে।
বিশেষ করে কাপড় বা বিছানার মতো দাহ্য বস্তুর সংস্পর্শে ফোন অতিরিক্ত গরম হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তাই চার্জ দেওয়ার সময় ফোন শক্ত ও সমতল জায়গায় রাখা ভালো, যেখানে সহজে বাতাস চলাচল করতে পারে।
৩. চার্জ দেওয়ার পাশাপাশি ভারী গেম খেলা
ফোন চার্জে থাকা অবস্থায় দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও ধারণ কিংবা ভারী অ্যাপ ব্যবহার করলে ডিভাইসের ওপর বাড়তি চাপ পড়ে। এতে চার্জিংয়ের সময় তৈরি হওয়া তাপের সঙ্গে ব্যবহারের তাপ যুক্ত হয়ে ফোন আরও গরম হতে পারে।
নিয়মিত এমন অভ্যাস ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ভারী গেম ও অতিরিক্ত প্রসেসিং প্রয়োজন এমন কাজ এড়িয়ে চলাই ভালো।
৪. ছেঁড়া বা নষ্ট কেবল দিয়েই চার্জ দেওয়া
চার্জিং কেবলের বাইরের আবরণ উঠে যাওয়া, তার বেরিয়ে আসা কিংবা সংযোগ ঢিলা হয়ে যাওয়ার পরও অনেকে সেটি ব্যবহার করেন। সাময়িকভাবে চার্জ হলেও এ ধরনের কেবল ব্যবহার নিরাপদ নয়।
ক্ষতিগ্রস্ত কেবল থেকে শর্ট সার্কিট, অতিরিক্ত তাপ কিংবা বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। তাই কেবলে কোনো ত্রুটি দেখা দিলে সেটি দ্রুত পরিবর্তন করা উচিত।
৫. প্রচণ্ড গরম পরিবেশে চার্জ দেওয়া
সরাসরি রোদে, গরম গাড়ির ভেতরে কিংবা তাপ উৎপন্ন হয় এমন কোনো স্থানে ফোন চার্জ দেওয়া ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে।
স্মার্টফোনের লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত তাপের প্রতি সংবেদনশীল। দীর্ঘ সময় বেশি তাপমাত্রায় থাকলে ব্যাটারির ধারণক্ষমতা ও কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই ঠান্ডা, ছায়াযুক্ত এবং বাতাস চলাচল করে এমন স্থানে ফোন চার্জ দেওয়া উচিত।
ব্যাটারি ভালো রাখতে বদলাতে হবে চার্জিংয়ের অভ্যাস
ফোনের ব্যাটারি দীর্ঘদিন সচল রাখতে শুধু ভালো চার্জার ব্যবহার করলেই চলবে না, চার্জ দেওয়ার পরিবেশ ও ব্যবহারের অভ্যাসের দিকেও নজর দিতে হবে। নিম্নমানের চার্জার পরিহার, ক্ষতিগ্রস্ত কেবল পরিবর্তন এবং অতিরিক্ত তাপ থেকে ফোনকে দূরে রাখার মতো সচেতনতাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সহায়ক হতে পারে।
Like this:
Like Loading...
Related