রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

মালয়েশিয়ায় চাকরির সুযোগ: লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থী

মালয়েশিয়ায় চাকরির সুযোগ: লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ১১২ জন
মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি চাকরি প্রার্থীদের জন্য। দেশটির আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডিতে কর্মী নিয়োগের প্রাথমিক ধাপে লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। নির্বাচিতদের মধ্য থেকে পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ১১২ জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ নিয়োগে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না।
রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
বোয়েসেল সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। সেখান থেকে ইলেকট্রনিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের নামের তালিকা বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পরবর্তী ধাপে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন। এসব পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ হবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে এগোচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও জানান, নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর ফ্লাইট ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
এ নিয়োগের বিশেষ সুবিধা হলো, কর্মীদের মেডিকেল পরীক্ষা, বিমানভাড়াসহ বিদেশযাত্রার সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com