editor1
- ৮ নভেম্বর, ২০২৬ / ৭১ জন দেখেছেন

ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ছে পাঁচ সদস্যের বাংলাদেশ দল
নিজস্ব প্রতিবেদক : ডেভিস কাপ টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ছে পাঁচ সদস্যের বাংলাদেশ দল। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত হবে ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ প্রতিযোগিতা।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ব্যবস্থাপনায় এবং ভিয়েতনাম টেনিস ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতায় স্বাগতিক দেশসহ এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ১৫টি দেশ অংশ নেবে।অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভিয়েতনাম, বাহরাইন, ভুটান, ব্রুনাই, গুয়াম, লাওস, মাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, প্যাসিফিক ওশেনিয়া, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বাংলাদেশ দলের পাঁচ সদস্য আজ ৮ নভেম্বর দিবাগত রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। দলের নেতৃত্ব দেবেন খেলোয়াড় মোফাজ্জল হোসেন। অন্য খেলোয়াড়রা হলেন জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের সঙ্গে জাতীয় সংস্থার প্রতিনিধি হিসেবে থাকছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. শাফিন আহমেদ।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় টেনিস কমপ্লেক্সে ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন চীন থেকে আগত কোচ সুকুমার রায়। এবারের আসরে গত বছরের তুলনায় উন্নত ফলাফল অর্জনই বাংলাদেশের প্রধান লক্ষ্য। সে উদ্দেশ্যে নিবিড় অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দলটি। ভিয়েতনাম যাত্রার আগে রোববার বিকেলে বাংলাদেশ টেনিস ফেডারেশনে দলের সদস্যদের নিয়ে একটি সংক্ষিপ্ত ফটোসেশন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক টেনিসের এই আসরে বাংলাদেশের খেলোয়াড়েরা ভালো নৈপুণ্য দেখিয়ে দেশের জন্য সম্মানজনক ফলাফল বয়ে আনবেন—এমন প্রত্যাশা করছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। একই সঙ্গে দলের সাফল্য কামনায় দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছে সংস্থাটি।
Like this:
Like Loading...
Related