রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ইব্রাহিমের জাদুতে জয়, সাফে বাংলাদেশের শুভ সূচনা

ইব্রাহিমের জাদুতে জয়, সাফে বাংলাদেশের শুভ সূচনা জয়ের হাসি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার : অপেক্ষার অবসান, বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের জাদুতেই জয়ের হাসি বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে গোলশূন্য সমীকরণ ভাঙতে শেষ পর্যন্ত বদলি হিসেবে মাঠে নামানো হয় ইব্রাহিমকে। ৬৩ মিনিটে মাঠে নেমে মাত্র দুই মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। তাঁর একমাত্র গোলেই ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই জয়ে সাফের মঞ্চে আত্মবিশ্বাসী সূচনা পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ৫ নভেম্বর রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার দল। বিরতির পরও গোলখরা কাটছিল না। শেষ পর্যন্ত কোচ টমাস ডুলির বদলি কৌশলেই আসে কাঙ্খিত সাফল্য। ম্যাচের আগে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তাঁর পরিবর্তে জায়গা পান সৈয়দ কাজেম শাহ। অধিনায়কের আর্মব্যান্ড ফিরে যায় জামাল ভূঁইয়ার হাতে। আরেকটি চমক ছিল অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলানো।
র‌্যাঙ্কিংয়ে ভুটানের চেয়ে ১০ ধাপ এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে প্রথমার্ধে গোলের জন্য বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। অষ্টম মিনিটে জামালের কর্নার থেকে  তৈরি হওয়া সুযোগে ফয়সাল আহমেদ ফাহিমের শট দারুণভাবে ঠেকান ভুটানের গোলরক্ষক গিলশেন জাংপো। এরপর শমিত সোম ও বিশ্বনাথ ঘোষের একাধিক প্রচেষ্টাও ব্যর্থ হয়। ২৫ মিনিটে শমিতের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন জাংপো। প্রথমার্ধের শেষ দিকেও কয়েকটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু গোলশূন্য সমতায় বিরতিতে যেতে হয় দুই দলকে। দ্বিতীয়ার্ধে ফয়সালকে তুলে ফাহামিদুল ইসলামকে নামিয়েও শুরুতে কাঙ্খিত ফল পাননি ডুলি। উল্টো প্রতি আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করে ভুটান। ৬৩ মিনিটে জোড়া পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ। জামাল ও বিশ্বনাথকে তুলে মাঠে নামান মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে। এই পরিবর্তনেই বদলে যায় ম্যাচের চিত্র। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ইব্রাহিম। ক্রস থেকে শমিত সোমের হেড এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে ইব্রাহিমের সামনে। ছয় গজের কাছ থেকে দারুণ প্লেসিং শটে বল জালে পাঠান এই উইঙ্গার। তাঁর গোলে উল্লাসে ফেটে পড়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।
গোলের পর ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ। ৭৮ মিনিটে আরও দুটি পরিবর্তন আনেন ডুলি। তবে আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। শেষ দিকে ভুটানও সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে বাংলাদেশ। সাফের মঞ্চে জয় দিয়ে যাত্রা শুরু করে সেমিফাইনালের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জামালরা। আগামী ১১ নভেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com