editor1
- ৮ নভেম্বর, ২০২৬ / ২০ জন দেখেছেন

সালাহউদ্দিন নোমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের পাশাপাশি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ নিয়োগ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
নতুন এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন। ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে থাকা আসাদ আলম সিয়াম ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের মধ্য দিয়ে তাঁর কূটনৈতিক কর্মজীবন শুরু হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
নতুন পররাষ্ট্র সচিবের নিয়োগকে কেন্দ্র করে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সচিবের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে নতুন দায়িত্বপ্রাপ্ত সালাহউদ্দিন নোমান চৌধুরীকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
Like this:
Like Loading...
Related