রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সুবর্ণচরের ধর্ষক রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার

আদালত প্রতিবেদক::

নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে গণধর্ষণের ঘটনার প্রধান আসামি রুহুল আমিনকে জামিন দিয়ে দেয়া আদেশ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট।

আসামি পক্ষের আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে শনিবার ছুটির দিনে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারকরা চেম্বারে বসে আগের আদেশ প্রত্যাহারের (রিকল) সিদ্ধান্ত জানান।
আদালতের এ সিদ্ধান্তের ফলে বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতার মুক্তি আটকে গেল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পর নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি রুহুল আমিনকে গত সোমবার জামিন দিয়েছিল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। চর জুবিলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে রুহুল আমিনের ‘সাঙ্গোপাঙ্গরা’ স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ ওই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ এসেছে। ভোটের পর রাতে এই ধর্ষণকাণ্ডে ব্যাপক আলোচনা ওঠে দেশজুড়ে। আলোচিত এই মামলায় রুহুল আমিনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com