রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সিএনজি-নছিমন মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক:: বান্দুরা থেকে ছেড়ে আসা একটি নসিমন গাড়ীকে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত হয় আরো ২জন।

রোববার বিকেল তিনটার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কের পানালিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নসিমনটি উল্টে গিয়ে এসময় সাকিব (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বিক্রয় প্রতিনিধি সুমন দত্তকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। নিহত নসিমন চালক সাকিব উপজেলার বান্দুরা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে সাউন্ড সিস্টেম অপারেটিংয়ের কাজ করতো। আজই বদলি চালক হিসেবে সে নসিমন চালাতে এসেছিলো। আহত বিক্রয় প্রতিনিধি সুমন দত্ত উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে থাকেন বলে জানা যায়।

পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে কোম্পানির তরল পানীয় বিক্রয় করতে বান্দুরার দিকে যায় নসিমন। ফিরে আসার সময় দ্রুতগতির নসিমন গাড়ি পানালিয়া পল্লী বিদ্যুতের সামনে আসলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনের সামনে আসে। নসিমন চালক মোটরসাইকেল আরোহীদের এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে নসিমন চালকসহ বিক্রয় প্রতিনিধি নসিমনের নিচে চাপা পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে নসিমনের নিচ থেকে দু’জনকে উদ্ধার করে। এতে নসিমন চালক সাকিবের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত বিক্রয় প্রতিনিধিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। আহত আরো ১ জন আরিফ হোসেনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে স্বজনরা এসে কান্নায় ভেঙ্গে পড়েন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com