সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ জানায়, রোববার দুপুরে ওই ব্যক্তিরা আদালত চত্বরে একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ১১ জনের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের এ অভিযানের পর আদালত চত্বরে কিছু সময়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com