রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানের রুমা উপজেলা সদরে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজ ম্যামাচিং ও নবনিযুক্ত সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রুমা উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রুমা উপজেলা শাখার আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিজ ম্যামাচিং।
এর আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ৩নং ইউনিয়নে ৯নং ওয়ার্ড ওয়াগয় পাড়াস্থ কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন ও রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড খামতাং পাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভবন দুটির উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক মেয়র জনাব মোঃ জাবেদ রেজা। বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে তিনি আশা করেন। জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পার্বত্য জেলার মানুষের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং বলেন, বান্দরবান পার্বত্য জেলার মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পার্বত্য জেলা পরিষদ কাজ করবে। প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনগণের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথাও জানান তিনি।
এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসাই মং, জসিম উদ্দিন তুষার, চ নু মং মার্মা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মিজ উম্মেসিং মার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়ান বম।