সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সারাদেশে হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৩ শিশু।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৫৮ শিশুর। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট এক হাজার ১৬২ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৯৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৮০। এ সময়ে এক হাজার ১০২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৮২ হাজার ৪৭ রোগী, যাদের মধ্যে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com