সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’, এই স্লোগানে মুখরিত হলো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলায় নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ আয়োজন করে। ইউএনও ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুর নবী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার।
এ ছাড়া বক্তব্য রাখেন মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, ইএসডিও প্রতিনিধি শরিফুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর সভাপতি শফিকুল ইসলাম শিল্পী এবং তথ্য আপা হালিমা আক্তার।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর আগামী গড়তে হলে বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ বাসস্থান ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। শিশুর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন বক্তারা। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।