সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ভালুকায় ভ্রাম্যমাণ আদালতে কথিত ডাক্তারকে জেল-জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় সরকারি নীতিমালা অমান্য করে অবৈধভাবে পরীক্ষা-নিরীক্ষা, নরমাল ডেলিভারি ও আল্ট্রাসনোগ্রাম করানো এবং ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণার দায়ে রেহেনা সিদ্দীকা নামে এক নারীকে ৪ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ‘জনসেবা হোমিও হল’ নামের তার একটি প্রতিষ্ঠান স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা আইন অমান্য করে সম্পূর্ণ অবৈধভাবে রোগী দেখা, নানা পরীক্ষা-নিরীক্ষা, নরমাল ডেলিভারি ও আল্ট্রাসনোগ্রাম করে আসছিল জনসেবা হোমিও হল। পরিদর্শনকালে কোন ধরণের অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানটির পরিচালক কথিত মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রেহেনা সিদ্দীকা। পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন জনসেবা হোমিও হলটি স্থায়ীভাবে সিলগালা ও এর মালিক কথিত মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রেহেনা সিদ্দীকাকে চার দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নজরুল ইসলাম, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোঃ সামছুল ইসলাম রমিজ ও পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর শাহাব উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com