সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: দুই মাসের বেতন-ভাতা না পাওয়ায় বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা দিয়েছেন সদর হাসপাতালের কর্মচারীরা। এসময় আজকের মধ্যে বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সিভিল সার্জন কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সকালে তারা নিজ নিজ কক্ষে কাজ করছিলেন। এ সময় শুভাষ দাশের নেতৃত্বে সদর হাসপাতালের একদল কর্মচারী কার্যালয়ের বিভিন্ন কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। কয়েকজন নারী কর্মচারী তালা খুলে দেওয়ার অনুরোধ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তারা।
এ ছাড়া কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ করেন তারা।
আন্দোলনের নেতৃত্বদানকারী শুভাষ দাশ জানান, গত দুই মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ বিষয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার জানানো হলেও সমাধান হয়নি।
তিনি বলেন, কয়েকদিন পর তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ অবস্থায় বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে উৎসব উদযাপন করা কঠিন হয়ে পড়বে। সোমবারের মধ্যে সব কর্মচারীর বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়া হবে।
বান্দরবানের ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক দিলীপ কুমার দেবনাথ বলেন, সিভিল সার্জনের যোগদান ও দাপ্তরিক জটিলতার কারণে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।