শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব কেন ফেরান ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক:: ‘বলিউড বাদশা’ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে মুখিয়ে থাকেন অভিনেত্রীরা। কিন্তু শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ঐশ্বরিয়ার পরিবর্তে সিনেমাটিতে নেওয়া হয় দীপিকা পাড়ুকোনকে।

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘দেবদাস’, ‘মহব্বতে’-এর মতো সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তারপরও প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আয়কৃত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার লোভনীয় প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন এই প্রাক্তন বিশ্বসুন্দরী?

২০১৪ সালে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমা। ২০১৮ সালে রাজীব মাসান্দকে সাক্ষাৎকার দেন ঐশ্বরিয়া। এ আলাপচারিতার ভিডিও ক্লিপ নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, আমাকে যখন সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন বাস্তবিক অর্থেই মনে হয়েছিল, মাতৃত্বের বিরতির পর পর্দায় ফেরার জন্য এটি একেবারে নিখুঁত একটি সুযোগ। আপনি যদি এমন একটি চরিত্র পান, যা বড় বাজেটের, মুক্তির পর বক্স অফিস সাফল্য প্রায় নিশ্চিত, তাহলে আপনি আগেই বুঝতে পারবেন কী হতে চলেছে। আমার মনে হচ্ছিল, ও মাই গড! কী দারুণ একটা প্রত্যাবর্তন। আমার জন্য সত্যিই অসাধারণ একটি সিনেমা হতে পারত।

ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়ার আগেই সিনেমাটিতে যুক্ত হন তার স্বামী অভিষেক বচ্চন। তা স্মরণ করে তিনি বলেন, এবির (স্বামী অভিষেক বচ্চন) ক্ষেত্রে বিষয়টি কীভাবে গড়াবে, তা জানতাম না। কারণ সে তো সিনেমাটিতে আগে থেকেই যুক্ত ছিল। তাই আমি ফারাহকে বলেছিলাম, আমাকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, তাহলে অবশ্যই সিনেমাটি করতাম। ‘মানওয়া লাগে’ গানটিও দুর্দান্ত হতো। কিন্তু আমি মনে করছিলাম, এই পরিস্থিতিতে বিষয়টি ঠিক হবে না। সিনেমা দেখার সময় এ নিয়ে দর্শকদের মধ্যে অযথা আলোচনা বা প্রশ্ন তৈরি করারই বা কী দরকার?

সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না ঐশ্বরিয়ার। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, একজন পেশাদার অভিনেত্রী হিসেবে এমন সুযোগ থেকে সরে আসা সহজ ছিল না। কিন্তু একজন স্ত্রী হিসেবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিতে হয়।

এনডিটিভি-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছিলেন, হ্যাঁ, আমাকে সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়েছিল। সত্যি বলতে, সিনেমাটি করলে বেশ মজার অভিজ্ঞতা হতো। আমি জানতাম, আমরা সবাই মিলে দারুণ সময় কাটাতাম এবং আনন্দের অভিজ্ঞতা হতো। কিন্তু সিনেমাটিতে অভিষেক ও আমি থাকলে বিষয়টি ঠিকভাবে কাজ করত না। কারণ আমাদের জুটি হিসেবে দেখানো হতো না।

ব্যাখ্যা করে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, আমরা যদি জুটি বেঁধে অভিনয় না করতাম, তাহলে ব্যাপারটি সত্যিই খুব অদ্ভুত লাগত, তাই না? এ কারণে সিনেমাটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম।

‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর ঐশ্বরিয়ার পরিবর্তে কাস্ট করা হয় দীপিকা পাড়ুকোনকে। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে দর্শক মাত করেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম বড় হিট সিনেমা এটি। ফারাহ খান নির্মিত সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ১৫০ কোটি রুপি। বক্স অফিসে আয় করে ৩৪২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৪৪ কোটি টাকার বেশি)।

২০০৭ সালে ভালোবেসে অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বাঁধেন ঐশ্বরিয়া। ২০১১ সালে কন্যা আরাধ্যর জন্ম হয়। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন তিনি। গত কয়েক বছর ধরে অভিনয়ে দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে।

ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় মনি রত্নম পরিচালিত আলোচিত এই সিনেমা। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয় তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে এটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com