বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

একুশের কণ্ঠ প্রতিবেদন:: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস হাউস ঢাকা। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস হাউস ঢাকার একটি দল এ অভিযান চালায়। এ সময় গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান বলেন, ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালানোর সময় বিমানের সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে ওজন ও মূল্য নির্ধারণ করা হয়।

কাস্টমসের এই কর্মকর্তা জানান, উদ্ধার করা ৮০টি স্বর্ণের বারের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি এবং আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

এ ঘটনায় স্বর্ণের চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com