শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
বর্তমানে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জাইমা রহমান। এ দায়িত্বে তিনি সভাপতির কার্যালয়ের বিভিন্ন আইনি বিষয়ে সহায়তা করবেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসারের কাজ মূলত সভাপতিকে আইনি বিষয়ে পরামর্শ ও সহায়তা দেওয়া। সাধারণ পরিষদে কোনো প্রস্তাব বা রেজুলেশন কীভাবে উত্থাপন করা হবে, কোনো সদস্যরাষ্ট্র ‘পয়েন্ট অব অর্ডার’ তুললে সভাপতি কী ধরনের সিদ্ধান্ত দেবেন কিংবা কোনো প্রস্তাবের সংশোধনী গ্রহণযোগ্য কি না-এসব বিষয়ে আইনি পরামর্শ দেওয়াও এ দায়িত্বের অংশ।
ফিলিস্তিন, ইউক্রেনসহ বিভিন্ন স্পর্শকাতর আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার সময় সভাপতির সিদ্ধান্ত জাতিসংঘের সনদ, বিধি ও প্রচলিত নজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে আইনি সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রস্তাব ও রেজুলেশনের প্রক্রিয়াগত দিক যাচাই এবং প্রয়োজনীয় আইনি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ও এ কাজের অন্তর্ভুক্ত।
সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সেখানে বর্তমানে ৪০ সদস্যের একটি দল কাজ করছে। বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশের ছয়জন কর্মকর্তা এ দলে রয়েছেন। জাইমা রহমান ছাড়াও বাংলাদেশের মো. আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লা বিভিন্ন দায়িত্বে রয়েছেন।
জাইমা রহমানকে জাতিসংঘের প্রোফাইলে আইন ও নীতি বিষয়ে অভিজ্ঞ ব্যারিস্টার হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং পরে যুক্তরাজ্যের দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি-সংক্রান্ত সনদ অর্জন করেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বাংলাদেশে আইনজীবী হিসেবে কাজের পাশাপাশি যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগের পাশাপাশি সামাজিক কল্যাণ ও শিক্ষা আইনেও প্রো বোনো কাজ করেছেন জাইমা রহমান।
সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ডিজিটাল নিরাপত্তা, বিচার পাওয়ার অধিকার, শিক্ষা ও লিঙ্গসমতা নিয়েও তার কাজের আগ্রহ রয়েছে বলে জাতিসংঘের প্রোফাইলে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পর তার কার্যালয়ে বিভিন্ন দেশের কর্মকর্তারা কাজ করছেন। সেই দলের অংশ হিসেবে জাইমা রহমানের এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আইন ও নীতিবিষয়ক কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।