রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হলেন মোহাম্মদ কামরুল হাসান

মো. কামরুল ইসলাম।

ভ্রাম্যমান প্রতিনিধি:: আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) মনোনীত হয়েছেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ কামরুল হাসান।

সম্প্রতি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। সভায় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ কামরুল হাসান তাঁর কর্মস্থলে যোগদানের পর থেকেই অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়ন করায় সামগ্রিক মূল্যায়নে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন। মোহাম্মদ কামরুল হাসান এই গৌরবময় অর্জনে তাঁর জন্মস্থান নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নসহ পুরো উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এই অর্জনে অনুভূতি ব্যক্ত করে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই গৌরব শুধু আমার একার নয়, এটি আমার পুরো টিমের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। দেশ ও জনগণের সেবায় আমি আজীবন এভাবেই নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।” তিনি এই সফলতার জন্য ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তাঁর নিজ এলাকার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com