রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ছবি: এএফপি আন্তর্জাতিক ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি মদের বারে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) এ তথ্য জানিয়েছে।
এসএপিএসের তথ্য অনুযায়ী, রাজধানী জোহানসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েডেলা টাউনশিপের একটি মদের বারে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন। তবে হামলা কারণ এখনো জানা যায়নি।
পুলিশ বলছে, এই হামলায় অন্তত আটজন সন্দেহভাজন জড়িত রয়েছে। তাদের ধরতে জোরালো অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলাকারীরা ভারী অস্ত্রশস্ত্র বিশেষ করে একে-৪৭ এবং পিস্তলে সজ্জিত ছিল।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় পানশালায় এ ধরনের বড় হামলার ইতিহাস বেশ পুরোনো। প্রায়শই গ্যাংদের কোন্দল, চাঁদাবাজি কিংবা অবৈধ মদ ও অস্ত্র সংক্রান্ত বিরোধের জেরে এ ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটে থাকে। তবে অতীতে এ ধরনের অনেক ঘটনার ক্ষেত্রে পুলিশ সঠিক উদ্দেশ্য উদঘাটনে হিমশিম খেয়েছে।