শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি:: নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে উসমান গনির (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উসমানের মরদেহ দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী। উসমান ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দলজিৎপুর গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে  একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহটি দেখতে পান তারা। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ছিলেন তিনি। তবে লুঙ্গিটি কাছা দেওয়া ছিল (লুঙ্গির নিচের অংশ কুঁচকে কোমর পর্যন্ত গুঁজে ছোট করা)। মরদেহের পাশে একটি ব্যাগে সাতটি নারকেলও ছিল। অনেকের ধারণা, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। উসমান পেশায় দিনমজুর ছিলেন।

বোন আছিয়া জানান, ওসমান ঘরে একা থাকতেন। তার স্ত্রী সৌদি আরব এবং দুই সন্তান নানা বাড়িতে থাকেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উসমানকে ঘরে রান্না করতে দেখেছেন তিনি।

এদিকে, স্থানীয় গারুচিরা বাজারে শুক্রবার রাত ১২টার দিকে উসমানকে চা পান করতেও দেখেছেন অনেকে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে উসমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com