সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
একুশের কণ্ঠ অনলাইন:: রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ ক্ষতিপূরণ বিষয়ে এ আদেশ দেন। বিআরটিসি এবং স্বজন পরিবহনকে এ ক্ষতিপূরণ (অর্ধেক করে) দিতে হবে।
এসময় রাজীবের দুই ভাই মেহেদী হাসান ও আবদুল্লাহ তার খালা জাহানারা পারভীন ও মামা জাহিদুল ইসলাম কোর্টে উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সোমবার ক্ষতিপূরণের বিষয়ে আদেশ দেয়ার জন্য রাজীবের খালা ও দুই ভাইকে মঙ্গলবার আদালতে আসতে বলেছিলেন হাইকোর্ট।
গত ৩ এপ্রিল দুই বাস চালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হন রাজীব। দুই বাসের চাপে হাত কাটা পড়ে তার। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজীব।