শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

রাজধানীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

ফাইল ফটো

ঢামেক প্রতিনিধি:: রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার আওতাধীন ওপেক্স গার্মেন্টসের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন- ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২) ও সবজি ব্যবসায়ী নালাম সরদার (৪৫)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে ৪ থেকে ৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত ইউসুফ আলীসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১২টা ৪০ মিনিটের দিকে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর স্থানীয়রা অস্ত্রধারী সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com