বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

রাজধানীতে বিএনপির কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তিনি রাজধানীর সবুজবাগ থানার ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম আবুল বাশার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী হীরা জানান, পলাশ পেশায় প্রাইভেটকার চালক ছিলেন এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার রয়েল, সবুজ, নাঈমসহ ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে স্থানীয় একটি গ্যারেজ থেকে একটি রিকশা চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই রিকশা উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পলাশের সঙ্গে অভিযুক্ত সবুজের কথাকাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com