বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ঘাঁটির বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হামলায় জ্বালানি সংরক্ষণাগারে আগুন লেগেছে। পাশাপাশি একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, নৌবহরের এয়ার কন্ট্রোল রাডার, সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা এবং মানববিহীন সারফেস ভেসেল নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাবে পরিচালিত একটি ‘প্রতিশোধমূলক অভিযান’। একই সঙ্গে তারা জানিয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে ইরানের এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, যদি এ হামলার দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।

এর আগে হরমুজ প্রণালি এবং উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন সামরিক ও বাণিজ্যিক লক্ষ্যবস্তুতে হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com