মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

যন্তর মন্তরে ঢুকে ফের বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারতের দিল্লিতে বিক্ষোভস্থলের তালিকা থেকে যন্তর মন্তরকে বাদ দেওয়ার পরদিনই সেখানে বিক্ষোভ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে যন্তর মন্তরে প্রবেশ করে বিক্ষোভের পর তাদের আটক করেছে দিল্লি পুলিশ।

দলের নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের নেতৃত্বে একদল কর্মী এ বিক্ষোভে অংশ নেন। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বিক্ষোভের দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, হাতে দলের পতাকা নিয়ে আশুতোষ রানকা, সৌরভ দাসসহ কয়েকজন কর্মী গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করছেন। এ সময় তারা ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পুলিশ বাধা দিলে সেখানে কিছুক্ষণ ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপক লেখেন, ‘আপনারা প্রতিরোধকে নিষিদ্ধ করতে পারবেন না।’ যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন।

দিল্লির কেন্দ্রীয় ও নিরাপত্তাসংবেদনশীল এলাকায় অবস্থিত যন্তর মন্তর দীর্ঘদিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সেখানে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।

গত ১০ অক্টোবর থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভকারীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওই দিন যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। তবে সেদিন সকালে দিল্লিতে পৌঁছানোর পর দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে শনিবার ও রবিবার দিল্লির বিভিন্ন সড়কে বিক্ষোভ ও পুলিশের অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com