রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা) বিরুদ্ধে মুদ্রাপাচারের অভিযোগে করা মামলার প্রতিবেদন দেননি তদন্তকারী কর্মকর্তা।
আজ বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের দায়ের করা এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী কর্মকর্তা আজ প্রতিবেদন না দেওয়ায় মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আগামী ৭ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন রাজধানীর গুলশান থানায় মুদ্রাপাচার প্রতিরোধ আইনে প্রিন্স মুসার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। মামলার অপর তিন আসামি হলেন- মো. ফারুক-উজ-জামান চৌধুরী, বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী আইয়ুব আলী আনছারী ও মেসার্স অটো ডিফাইন নামে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক মো. ওয়াহিদুর রহমান।
গত বছরের ২১ মার্চ মুসার ছেলের শ্বশুর বাড়ি থেকে শুল্ক ফাঁকি দেওয়া একটি গাড়ি উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। মামলার অভিযোগ থেকে জানা যায়, ভোলা বিআরটিএর কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ভুয়া কাগজ দিয়ে উদ্ধারকৃত গাড়িটি রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। মুসা বিন শমসের ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন। শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায়, ওই গাড়িতে ২ কোটি ১৭ লাখ টাকার শুল্ক প্রযোজ্য ছিলো।
শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের লিখিতভাবে জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা গচ্ছিত আছে। তবে তিনি এই টাকার কোনো ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাতে পারেননি।