শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আগামীকাল রোববার ৬ দিনের সরকারি সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম ধাপে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে সরাসরি চীন সফরে যাবেন। সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
তিনি জানান, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ২৭ সদস্যের প্রতিনিধি দল এবং চীন সফরে ২৮ সদস্যের প্রতিনিধি দল থাকবে। সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদারে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এই দুই দেশের সফর অনুষ্ঠিত হচ্ছে।
মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রসচিব।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে।
সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাণিজ্যিক আলোচনা শুরুর লক্ষ্যে টার্মস অব রেফারেন্স (টিওআর) বিনিময়সহ আরও কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল নিয়ে আলোচনা চলছে বলে জানান আসাদ আলম সিয়াম।
সরকারের আশা, প্রধানমন্ত্রীর এ সফর মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।