শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

মুজিববর্ষেই চরাঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন: নসরুল হামিদ

নিজস্ব প্রতিনিধি::

দেশের ৯৯ ভাগ জনগণ বিদ্যুতায়নের আওতায় এসেছে, ডিসেম্বরেই গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হবে। চর এলাকায় বা অফগ্রিড এলাকায় বিদ্যুতায়ন কিছুটা পিছিয়ে থাকলেও মুজিববর্ষেই তা সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) লালমনিরহাটের হাতীবান্ধায় চরাঞ্চলে নেসকোর সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিতরণ কোম্পানিগুলোকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সেবা নিয়ে জনগণের কাছে যেতে হবে। বিতরণ কোম্পানি যে সকল সেবা প্রদান করেন তা দ্রুত জনগণ ও গ্রাহকদের জানান।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া দেশের সর্বত্র সমহারে পৌঁছে দিতে চায়। বিদ্যুৎ ছাড়া উন্নয়ন চিন্তাই করা যায় না। চরাঞ্চলে বা অফগ্রিড অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার হোম সিস্টেম ব্যবহার করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব এলাকাতেও গ্রিডের বিদ্যুৎ সরবরাহ করা হবে।

নেসকো প্রায় ১০ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় করে হাতিবান্ধা উপজেলার ১২টি চরে ৪৫২১ জন গ্রাহককে সোলার হোম সিস্টেম প্রদান করেছে। চরগুলো হলো-উত্তর দাওয়াবাড়ি, দক্ষিণ দাওয়াবাড়ি, কিসমত নেহালি, পূর্ব দাওয়াবাড়ি, কর্দ্দা বিচন্ডই, পশ্চিম বিচন্ডই, উত্তর পারুলিয়া, দক্ষিণ পারুলিয়া, পূর্ব হলদিবাড়ি, পশ্চিম হলদিবাড়ি, পতিকাপাড়া ও সিনদোরোনা। ৬৫ WP (ওয়াট পিক) সক্ষমতার সোলার প্যানেলটি থেকে ৪টি ৩ ওয়াট এলইডি বাল্ব, ২টি ৮ ওয়াট ডিসি ফ্যান, মোবাইল চার্জার ও ১টি ডিভি সাপোর্ট করবে।

নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও নেসকো’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত সচিব এ,কে, এম হুমায়ূন কবীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com