সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মিম-করিম ও রাজীবের প্রাণহানি: হাইকোর্টের তিন সদস্যের তদন্ত কমিটি

আইন-আদালত ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

কমিটির সদস্যরা হলেন- বুয়েটের অ্যাপিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক মো. হাদিউজ্জামান ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এ কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দুর্ঘটনার জন্য অভিযুক্তদের দায় নিরূপণ করে আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একইভাবে পৃথক আদেশে ওই কমিটিকে রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের মারা যাওয়ার ঘটনায়ও তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার পৃথক দুটি রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দুটি দুর্ঘটনার পরপরই হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।

আদেশের পর রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আবদুল করিম নিহত হয়।

পরদিন এ বিষয়ে নিহতের পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং ঘটনার জড়িতদের দায় ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

পরে ওই রিটের শুনানি নিয়ে ওইদিন হাইকোর্ট রুল জারির পাশাপাশি মিম ও আবদুল করিমের পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে দুর্ঘটনার জন্য দায়ী বাস জাবালে নূরের মালিককে এ টাকা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বাসচাপায় আহতদের চিকিৎসার সকল ব্যয় বহন করতে বাস মালিক ও বিআরটিএ কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে গত ৩ এপ্রিল দুই বাসচালকের বেপরোয়া গাড়ি চালানোর শিকার হন তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। এ ঘটনায় দুই বাসের চাপে তার একটি হাত কাটা পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ৪ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরপর ওই রিটের শুনানি চলা অবস্থায় ১৭ এপ্রিল রাজীবের মৃত্যু হয়। ওই রিটের শুনানির ধারাবাহিকতায় গতকাল তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ওই কমিটিকে অপরাধের দায় নিরূপণের নির্দেশ দেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com