বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ জয় দিয়ে রাঙাতে টায় টাইগাররা

মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক:: টেস্টে হোয়াইটওয়াশের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের দারপ্রান্তে বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজও হারতে হয়েছে টাইগারদের। সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের। এই ম্যাচটি আবার মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক অঙ্গনের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ভারতের কাছে ধবলধোলাই হওয়া শান্ত-লিটনরা কি পারবে মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচটি জয়ে রাঙিয়ে হোয়াইটওয়াশ এড়াতে?

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে কুড়ি ওভারের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। সেই হিসেবে আজকের ম্যাচটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। ‘পঞ্চপান্ডবের’ শেষ ক্রিকেটার হিসেবে এই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন তিনি। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টিও খেলেছেন। ছিলেন দলের অধিনায়ক।

জিম্বাবুয়েতে টেস্ট জিতে লাল বলের ক্রিকেটে নিজের বিদায়টাকে রাঙিয়েছিলেন। এবার তার সামনে সুযোগ শেষ টি-টোয়েন্টি রাঙানোর। কিন্তু দলের সাম্প্রতিক পারফরম্যান্সের যা অবস্থা তাতে করে ভক্তদের প্রশ্ন মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে পারবে টাইগাররা?

হায়দরাবাদে শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস পরিষ্কার করে কিছু বলতে চাইলেন না। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, মাহমুদউল্লাহকে বিদায়ী ম্যাচে কোনও সংবর্ধনা দেওয়া হবে কি না কিংবা এমন কোনও আয়োজন আছে কিনা। দক্ষিণ আফ্রিকান এই কোচ উত্তর দিয়েছেন এককথায়, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’ টেস্টের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যর্থতার মূল কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিংয়ে ভালো করতে পারছে না বলেই শান্তর দল খেই হারাচ্ছে। সিরিজের দুই টি-টোয়েন্টিতেই সেটা ছিল স্পষ্ট। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে যখন বাংলাদেশের ছক্কা মারার সামর্থ্যের কথা উঠলো, ফিল্ডিং কোচ নিক পোথাস সামনে আনলেন দুই দলের শারীরিক শক্তির পার্থক্যের কথা, ‘কঠিন কথা বললেন। একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয় আর আরেকজন যদি হয় ৬৫ কেজি, তাহলে বেশি ওজন যার সে তো বেশি দূরে বল পাঠাবেই। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে, সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।’

টানা ব্যর্থতার পরও নিক পোথাস বাংলাদেশের উন্নতিকে বড় করে দেখছেন, ‘আপনি সব সময় বড় বড় দলের সঙ্গে খেলার সুযোগ পাবেন না। যখন সুযোগ আসবে আপনাকে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে স্কিল ও মানসিক শক্তি দিয়ে লড়াই করতে হবে। তাহলে উন্নতি কিংবা ফলাফল আসবে। আমরা ভারতের সঙ্গে দাঁড়াতে পারছি না সত্যি। তবে এখান থেকে শেখার প্রচুর জায়গা রয়েছে। আপনি এখানে আপনার দলের ঘাটতিগুলো স্পষ্টভাবে খুঁজে পাবেন।’

শেষ ম্যাচের বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন নিশ্চিত। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। ফিরতে পারেন শেখ মেহেদিও। শনিবার সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ম্যাচে কোন প্রভাব পড়বে না।

আজকের ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি মাহমুদউল্লাহকে দারুণ এক উপহার দিয়েই বিদায় জানাতে পারবে। আগের সব ব্যর্থতা ভুলে আজ ঘুরে দাঁড়াতেই হবে টাইগারদের। আর সেজন্য দায়িত্ব নিয়ে খেলতে হবে ব্যাটারদের, তবেই ধরা দিবে অধরা জয়। এখন দেখার অপেক্ষা ভারতের বিপক্ষে সফরকারীরা শেষ ম্যাচটাতে আগের ভুল শোধরাতে পারে কিনা!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com