বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
মোসাঃ ফাতেমা রাজশাহী প্রতিনিধি :
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার জন্য পরিচিত এই শিক্ষাবিদের যোগদানে রাজশাহী অঞ্চলের শিক্ষা অঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। কর্মজীবনের শুরুতে তিনি সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন।
এর আগে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের প্রশংসা কুড়ান। এছাড়া শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করেছেন।
সহকর্মীদের কাছে অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল একজন সৎ, কর্মনিষ্ঠ, মানবিক ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে পরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁর অবদান উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণকে শিক্ষা-সংশ্লিষ্টরা ইতিবাচক ভাবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থায় গুণগত উন্নয়ন, সুশাসন এবং আধুনিক শিক্ষা কার্যক্রমের আরও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত হবে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রশাসনে অধ্যাপক হুমায়ুন কবির জুয়েলের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
সংশ্লিষ্টদের বিশ্বাস, সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠাকে পাথেয় করে তিনি রাজশাহী অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, আধুনিক ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।