শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় “তীর ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ২০২১”-এর ৪র্থ দিনে মঙ্গলবার ১৬ নবেম্বর সকাল ৯ট হতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ মিশ্র ইভেন্টে স্বর্ণজয়ের হাতছানি পেয়েছেন বাংলাদেশের দুই তীরন্দাজ দিয়া সিদ্দিকী এবং হাকিম আহমেদ রুবেল জুটি। সবচেয়ে বড় কথাÑ এশিয়ান আরচারিতে এবারই প্রথম বাংলাদেশের কোন আরচার জুটি ফাইনালে ওঠার কৃতিত্ব দেখালেন।
ঢাকার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র ইভেন্টের শেষ চারের লড়াইয়ে দিয়া-রুবেল জুটি ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে দেন ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিল জুটিকে। এর আগে কোয়ার্টার ফাইনালে দিয়া-রুবেল জুটি ৬-২ সেট পয়েন্টে হারান ইরানের আবদুল্লাহি মাহতা ও রেজা সাবানি জুটিকে। ১৯ নভেম্বর ফাইনালে স্বর্ণের লড়াইয়ে রুবেল ও দিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠেন দিয়া-রুবেল। আবেগ সামলাতে না পেরে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে দেখা যায় আরচারদের সঙ্গে নাচানাচি করছেন!
ম্যাচ শেষে দিয়া বলেন, ‘ভারতকে হারানোর মতো সামর্থ্য আমাদের রয়েছে, সেই আত্মবিশ্বাস আমাদের ছিল। শেষ পর্যন্ত ফাইনালে উঠেছি। খুব ভালো লাগছে। যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে, আমার ইচ্ছা যেন আমরা একটা সোনার পদক জিততে পারি। সেই লক্ষ্যেই ফাইনালে খেলব। আশা করি, দক্ষিণ কোরিয়াকেও হারাতে পারব।’ হাকিম বলেন, ‘খুবই আত্মবিশ্বাসী ছিলাম এই ম্যাচ নিয়ে। দিয়াকে নিয়ে বেশি খুশি ছিলাম। কারণ, ও ধারাবাহিকভাবে খুব ভালো শট করেছে। সেরাটা দিয়েই খেলেছি। তা ছাড়া এর আগেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলেছি বিশ্বকাপে। তাই এবার আশা করি ওদের হারাতে পারব।’
এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশ দল বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা) ৬-০ সেটে উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ভারতের সঙ্গে ড্র করে। পরবর্তীতে দলের প্রত্যেকে ১টি তীর ছুড়ে বাংলাদেশ ও ভারতের স্কোর হয় ২৭। উভয়ের স্কোর ২৭ হওয়ায় ভারতের দলীয় খেলোয়াড়দের তীর লক্ষ্যের বেশি কাছাকাছি হওয়ায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ্বাস ও বন্যা আক্তার) ২২৭-২২৬ স্কোরে ইরানের কাছে হেরে যায়।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডে ১/৮ খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৯-২২৮ স্কোরে ইরানকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে বাংলাদেশ ০-৬ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।