বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বৃক্ষরোপণ-পরিবেশ সংরক্ষণ দুটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৃক্ষরোপণ হোক কিংবা পরিবেশ সংরক্ষণ, এই দুটি বিষয় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের সবার দায়িত্ব হচ্ছে, এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে, যে পরিবেশে আমাদের সুযোগ হবে তখন প্রত্যেকটি মানুষকে এ বিষয়ে সচেতন করা।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা’ এবং ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গতকাল একটি খবর আমার চোখে পড়েছে। সেই খবর দিয়েই আজ আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। খবরটি ভালো না খারাপ, সৌভাগ্যের না দুর্ভাগ্যের- সেটির বিচার করার দায়িত্ব আমি আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। খবরটি গতকাল ৮ জুলাই প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

তিনি বলেন, আজ আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয়, এই বিষয়টি নিয়ে আমাদের সবার খুব সিরিয়াসলি, অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তা করার সময় এসেছে। বিশেষ করে যারা পরিবেশ ও বৃক্ষরোপণের মতো কাজের সঙ্গে জড়িত আছেন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা এসব বিষয়ে খুবই অজ্ঞ। এটি অস্বীকার করে কোনো লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে সচেতন করাও আমাদের দায়িত্ব এবং আমি মনে করি, এটি আমাদের একটি পবিত্র কর্তব্য।

তারেক রহমান বলেন, কেন এটি আমাদের কর্তব্য? কারণ, আমরা যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাই, কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চলে যাতায়াত করি, তাহলে বিষয়টি আমরা নিজের চোখে দেখতে পাই। আমরা যখন বিভিন্ন মহাসড়ক দিয়ে যাই এবং রাস্তার দুই পাশের পরিবেশ দেখি, তখন যে বাস্তবতা চোখে পড়ে, তা নিয়ে চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গত পরশুদিন আমি সাভারে গিয়েছিলাম সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে। যাওয়ার পথে রাস্তার দুই পাশে বিভিন্ন মিল-ইন্ডাস্ট্রি রয়েছে। শিল্পকারখানা থাকা অবশ্যই একটি ভালো বিষয়, দেশের অর্থনীতির জন্য এটি প্রয়োজন। কিন্তু এসব শিল্পকারখানার কারণে সামগ্রিকভাবে রাস্তার দুই পাশের পরিবেশের যে অবস্থা তৈরি হয়েছে, সেটি নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়েছে। আমার মনে হয়, কোনো সভ্য, সুশৃঙ্খল দেশে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

তিনি বলেন, এই অবস্থা তৈরির জন্য কমবেশি আমরা সবাই দায়ী। তবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমরা সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে এই অবস্থার পরিবর্তন অবশ্যই সম্ভব। আমার মনে হয়, আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের প্রত্যেকের একটি প্রতিজ্ঞা বা শপথ নেওয়া উচিত- আমরা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করব এবং মানুষকে সচেতন করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আরো উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মোহাম্মদ সাইমুম পারভেজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com