রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বিস্ফোরক আইনের মামলায় কারাগারে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি::

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদীর বিরুদ্বে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার পিরোজপুর জজ আদালতে হাজির হলে আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক শুনানি শেষে তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে উক্ত মামলায় হাইকোর্টের দেয়া ছয় সপ্তাহের জামিনে ছিলেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এস আই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মোঃ জাকির হোসেন ও ওবায়দুল্লাকে জ্ঞাত আসামি এবং ১২ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেল সহ দুই জামায়াত কর্মীকে আটক করে। কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের টের পেয়ে পালিয়ে যায় বলে মামলার বাদি এজাহারে উল্লেখ করেন। আটককৃতদের ওই মামলায় আটক দেখিয়ে ২৬ ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে। তাদের এখনও জামিন হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর এটাই তার বিরুদ্ধে প্রথম মামলা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com