শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ডটকম : বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ আজ বৃহস্পতিবার রাত ৮টায় কাতারের দোহায়।
কাতারের দোহায় আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে হেড কোচ জেমি।
আজ সেই কঠিন কাজটিই করতে যাচ্ছে বাংলাদেশ বাহিনী, মানে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা বাছাইপর্বের (এটা আবার এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড-২ এ খেলাও বটে) ই-গ্রুপে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় বাংলাদেশ দল খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
ম্যাচের আগের দিন বুধবার জামাল ভুঁইয়ারা বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত তাদের টিম হোটেলে শেষবারের মতো জিম সেশন করে। ম্যাচের জন্য দলের সব খেলোয়াড়কে কোভিড টেস্ট করানো হয়। পরে সন্ধ্যায় বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে রাতে কাতার ইউনিভার্সিটি মাঠে জেমি ডের শিষ্যরা অনুশীলন করে।
আজকের ম্যাচে একটা সম্মানসূচক ফল চান বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে। তিনি বলেন, ‘যারা ম্যাচের দিন ভালো করতে পারবে, তাদের সামনে সুযোগ আসবে সেরাটা দেয়ার। আর আমাদের ভালো করতে হলে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে খেলতে হবে। সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া চান।’ গ্রুপ ‘ই’ তে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ, একমাত্র প্রাপ্তি ভারতের মাটিতে স্বাগতিক ভারতের সঙ্গে ১-১ গোলের ড্র। আজকের প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচটা অনুষ্ঠিত নিরপেক্ষ ভেন্যুতে (তাজিকিস্তানের দুশানবেতে)।
বাছাইপর্বের ম্যাচে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ) খেলেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে ইন্দোনেশিয়াকে হারায়। অপর ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ১-১ গোলে ড্র করে। পক্ষান্তরে বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতেই পারেনি বাফুফের অদূরদর্শিতায়! দায়সার প্রস্তুতি নিয়েছে ঢাকাতেই, ঘরোয়া ক্লাব শেখ জামাল ধানম-ি ক্লাবের সঙ্গে খেলে। তারপরও তাদের হারাতে পারেনি জাতীয় দল। ২-২ গোলে ড্র করে। তারপরও আত্মবিশ্বাসী লাল-সবুজ দলের ফুটবলাররা। তিন ম্যাচ থেকে পয়েন্ট আদায় করে নেয়ার স্বপ্ন দেখছেন তারা।
কিন্তু সেজন্য করতে হবে গোল। আর গোল করার কারিগর যারা আছেন, তারা কেউই পরীক্ষিত নন। নাবিব নেওয়াজ জীবন ও সাদ উদ্দিন চোটের কারণে দলে নেই। মাহবুবুর রহমান সুফিল করোনায় আক্রান্ত, যেতে পারেননি দলের সঙ্গে। রবিউল হাসান অনেক আগেই বাদ পড়েছেন অফ ফর্মের জন্য। একমাত্র মতিন মিয়ারই জাতীয় দলে গোল আছে। অন্যদিকে সুমন রেজা, মোহাম্মদ জুয়েল, রাকিব হোসেন ও মেহেদী হাসান রয়েলের নামের পাশে কোন আন্তর্জাতিক গোল নেই। জুয়েলের তো এখনও অভিষেকই হয়নি! মোহাম্মদ ইব্রাহিম করোনা থেকে সেরে উঠে মাত্রই দলের সঙ্গে যোগ দিয়েছেন।
জেমি ডে অবশ্য বাকিদের নিয়ে আশাবাদী, ‘এটা ঠিক দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। তবে বাকি যারা আছেন, তাদের নিয়ে আমি আশাবাদী। আশা করি গোল করতে পারব।’ দলে অভিষেকের অপেক্ষায় আছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। কারণ বিশ্বনাথ ঘোষ ইনজুরিতে। অন্যদিকে দলীয় অধিনায়ক জামাল ভুইয়ার জন্য এই ম্যাচটা আরেকটু অন্যরকম। কারণ এটি হবে জাতীয় দলের জার্সিতে তার ৫০তম ম্যাচ। তিনি চেষ্টা করবেন এই ম্যাচে গোল করে ম্যাচটা আরও স্মরণীয় করে রাখতে।
২০১৩ সালের ৩১ আগস্ট কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল। ৮ বছর আগে ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে জাতীয় দলে অভিষেক হয়েছিল জামালের। র্যাংকিংয়ের বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আফগানিস্তান। র্যাংকিংয়ে ১৪৯তম স্থানে আফগানিস্তান এবং বাংলাদেশ আছে ১৮৪তম স্থানে। দু’দলের মধ্যকার সাত বারের লড়াইয়ে আফগানিস্তান জিতেছে ২ ম্যাচে, বাংলাদেশের জয় ১টিতে। বাকি চার ম্যাচ ড্র হয়। আজ জিততে পারলে সমতায় ফিরতে পারবেন জামালরা।
তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো আফগানদের বিপক্ষে তাদের একমাত্র জয়টি এসেছে ১৭ বছর আগে। ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এসএ গেমস ফুটবলের গ্রুপ পর্বে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।