সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়ার জামিন বহাল

আইন-আদালত ডেস্ক রিপোর্ট:: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলায় নিহতের ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের নো অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে খালেদাকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অন্যদিকে, আদালতে আজ খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এ ছাড়া আদালতে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং তাদের সাথে ছিলেন কায়সার কামাল, আনিছুর রহমান খান, আইয়ুব আলী আশ্রফী, মাসুদ রানা, সালমা সুলতানা সোমা প্রমুখ।

বৃহস্পতিবার শুনানি শেষ করে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ৭ আগস্ট চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। তার আগে ৬ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন।

তবে, রাষ্ট্রপক্ষ সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানালেও এ বিষয়ে তারা কোনো আদেশ দেননি। ফলে এ মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকছে। এছাড়াও এর আগে এ মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। সেই আবেদন এখন শুনানি অবস্থায় রয়েছে। গত ১ জুলাই খালেদাকে গ্রেফতার দেখিয়ে জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট বহাল রাখেন কুমিল্লার আদালত। এরপর হাইকোর্টে খালেদা এ মামলায় জামিন আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি ছয় মাসের জামিন পান। আজ নো অর্ডারের ফলে তার জামিন বহাল থাকে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড হওয়ার পর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com