বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ফিলিপাইনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক:: ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি (পিএইচআইভিওএলসিএস) বলেছে, প্রাথমিক ভূমিকম্পের পর এক ঘণ্টারও বেশি সময় ধরে আফটারশক অনুভূত হয়।
সংস্থাটি আরো বলেছে, সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই ও সুলুসহ নয়টি প্রদেশের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানের দিকে সরে যাওয়া উচিত।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস সোমবার সকালে বলেছেন, বেসামরিক প্রতিরক্ষা দফতর ও জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদসহ জরুরি সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে।
জনগণকে সুনামির ঝুঁকি সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মিন্দানাও-এর জেনারেল সান্তোস সিটিতে জোলিবিজ রেস্তোরাঁসহ একটি তিনতলা ভবন ধসে পড়ছে।
অন্যান্য ছবিতে ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে ভাঙা জানালা এবং ধসে পড়া ছাদও রয়েছে।
এর আগে, মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৮ দশমিক ২ বলে উল্লেখ করেছিল। পরে মাত্রা কমিয়ে এনেছে এবং বলেছে, এই ভূমিকম্প মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি।
সূত্র: আল জাজিরা