সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ফাইনাল ম্যাচের দায়িত্ব পালন করবেন স্লাভকো ভিনচিচ

স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:: ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনাল ম্যাচের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

আগামীকাল রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন।

ফাইনাল ম্যাচে ৪৬ বছর বয়সী ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ ও রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে জর্ডানের আধহাম মাখাদমেহ ও কাতারের মোহাম্মদ আলকালাফ।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়ার ম্যাচের পর শেষ ৩২-এ মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ পরিচালনা করেন তিনি। আর্জেন্টিনা-স্পেন ফাইনালটি এবারের আসরে চতুর্থ ম্যাচ হবে ভিনচিচের। আর ক্যারিয়ারে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ হতে যাচ্ছে তার।

বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার মাত্র একটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচের। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটি ২-১ গোলে হেরেছিল লিওনেল মেসির দল।

স্পেনের পাঁচটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে ভিনচিচের। ওই পাঁচ ম্যাচের কোনোটিতেই হারেনি স্প্যানিশরা। ২০১৭ সালে কলম্বিয়া ম্যাচ ২-২ গোল ড্র, ২০২০ সালে ইউরোয় সুইডেন ম্যাচ গোলশূন্য, ২০২৩ সালে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলে জয় পায় স্পেন। এছাড়াও ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে স্পেনের ১-০ গোলে জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের ২-১ গোলে জয় পাওয়া ম্যাচেও রেফারি ছিলেন ভিনচিচ।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান ভিনচিচ। এরপর ১২ বছর পর বিশ্বকাপে অভিষেক হয় তার। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হওয়া ভিনচিচ দু’টি ম্যাচ পরিচালনা করেছিলেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায় ও ইউরোপের বড় বড় প্রতিযোগিতায় দীর্ঘ দিন ধরে রেফারির দায়িত্ব পালন করে আসছেন ভিনচিচ।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য ফিফা ঘোষিত ম্যাচ অফিসিয়ালদের তালিকা :
রেফারি : স্লাভকো ভিনচিচ (স্লোভেনিয়া)
সহকারী রেফারি : তোমাজ ক্লানচনিক (স্লোভেনিয়া)
সহকারী রেফারি : আন্দ্রাজ কোভাচিচ (স্লোভেনিয়া)
চতুর্থ রেফারি : আধহাম মাখাদমেহ (জর্ডান)
রিজার্ভ সহকারী রেফারি : মোহাম্মদ আলকালাফ (কাতার)

উল্লেখ্য, ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দেখা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল হয়। তাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com