বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে |সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পর নিজের পছন্দের প্রতিপক্ষের নাম জানালেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে চান। এর কারণ হিসেবে তিনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, সেমিফাইনালে জয়ের পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, স্কালোনির সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে। তাই আমি চাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। তবে ইংল্যান্ডও খুব শক্তিশালী দল। দুই সেমিফাইনালই আসলে ফাইনালের আগের ফাইনাল।

তিনি বলেন, ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তাই যে দলই ফাইনালে উঠুক, আমাদের জন্য ম্যাচটি কঠিনই হবে।

ফ্রান্সের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে স্পেন কোচ বলেন, আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। তবে তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা অসাধারণ ফুটবল খেলেছে। তাদের নিষ্ঠা, আত্মনিবেদন ও প্রতিভা প্রশংসার দাবিদার।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচের ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, লুইসের জন্য আমি সত্যিই আনন্দিত। তিনি দারুণ একজন মানুষ এবং এই সাফল্যের পুরোপুরি যোগ্য। কোচিং কোর্সের সময় তিনি আমাকে অনেক সহযোগিতা করেছিলেন।

মজার ছলে স্কালোনি যোগ করেন, আমি তাকে ফোন করব কি না, সেটা আমাদের ম্যাচের ফলের ওপর নির্ভর করবে। আমরা জিতলে হয়তো ফোন করব না, হারলে হয়তো সাহায্য চাইতে ফোন করব। তবে আশা করি, ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।

উল্লেখ্য, স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নেয়ার সময় লিওনেল স্কালোনির প্রশিক্ষকদের একজন ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। সেই সময় থেকেই দুই কোচের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com