বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিশুদের মধ্যে ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অভিভাবকদের উৎসাহিত করতে ব্যতিক্রমী আয়োজন করা হলো নবাবগঞ্জে।
বুধবার (৮ জুলাই) দুপুরে ১৪নং চর তাশুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর অভিভাবকদের উপস্থিতিতে নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার উদ্যোগে মৌসুমি ফল পরিচিত ও শ্রেষ্ঠ বিদ্যালয় অভিভাবক বন্ধু সম্মাননা দেয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী ও পরিচিতি করানো হয়। ক্ষুদে শিক্ষার্থীরা ফলের নাম, গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে বক্তব্য দেয়। এতে শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল” বিদ্যালয়ের শ্রেষ্ঠ অভিভাবক বন্ধু সম্মাননা” প্রদান। শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য এ বছরের সম্মাননা পেয়েছেন প্রতিমা রায়। তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয় বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী সিনহা আক্তার। এই সুন্দর উদ্যোগটি গ্রহণ করেন ফ্রান্স প্রবাসী এবং নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার কার্যকরী সদস্য প্রীতম মন্ডল। প্রবাসে থেকেও দেশের শিশু ও শিক্ষার প্রতি তার ভালোবাসা সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস (ভারপ্রাপ্ত), সহকারি শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্কাস আলী, আনন্দ চন্দ রায়, রতন কুমার সরকার, পল্লব চক্রবর্তী, রিফাত চৌধুরী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের পুষ্টি সচেতনতা বাড়াবে এবং অভিভাবকদের বিদ্যালয়ের সাথে আরও সম্পৃক্ত করবে। শেষে শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পল্লবি কচি-কাঁচার মেলা উপজেলার সব স্কুলেই এ ধরনের কর্মসূচি পালন করবে বলে জানায়।