শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, ঢাকা ডেস্ক॥
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
কর্নেল অলি আহমেদ বলেন, “চারিদিকে আপনি (প্রধানমন্ত্রী) শত্রু দ্বারা পরিবেষ্টিত। ১১ দল আপনার শত্রু না, ১১ দল আপনার বন্ধু। যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ জামায়াতের জন্য না, ১১ দলীয় জোটের জন্য-এটা দেশের মঙ্গলের জন্য।”
সেমিনারে সরকারের ভেতরে ও রাজনৈতিক পরিমণ্ডলে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে গুরুতর অভিযোগ তোলেন এলডিপি চেয়ারম্যান। তিনি দাবি করেন, যারা দেশের ভেতর বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এই ধরনের ব্যক্তিরা শুধু সরকারেরই নয়, বরং সমগ্র দেশের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ। প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিদের মাধ্যমেই বড় ধরনের বিপদের আশঙ্কা বেশি থাকে বলে তিনি সরকারকে সতর্ক করেন।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে কার্যকর সংস্কার উদ্যোগে মনোযোগ দিতে হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় এখনো চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, যা জনজীবনে অস্বস্তি তৈরি করছে। এছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি এবং নতুন বিনিয়োগ আকর্ষণে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে অলি আহমেদ স্পষ্ট করে বলেন, ১১ দলীয় জোট কোনোভাবেই সরকারের বা প্রধানমন্ত্রীর শত্রু নয়; বরং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থেই তারা এই গঠনমূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি দেশের স্বার্থে ও সঠিক নিরাপত্তা বজায় রেখে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।