সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের ফতুল্লার ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ৬টার দিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) এবং রাকিব (১৪)।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ ফারুক জানান, সকাল ৬টার দিকে আমরা বিকট শব্দ পেলে বাসায় গিয়ে দেখতে পান দগ্ধ অবস্থায় বাবাসহ-ছেলেরা আগুনে ঝলসে গেছে। পরে জানতে পারেন ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিলে চিকিৎসক তাদেরকে ভর্তি দেয়।

তিনি আরো জানান, আব্দুল কাদের পেশায় অটোরিকশাচালক। তিনি পরিবার নিয়ে ওই এলাকায় থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় থেকে দগ্ধ হয়ে চারজন এসেছেন। এদের মধ্যে আব্দুল কাদেরের ৫৭ শতাংশ দগ্ধ, তার তিন ছেলে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেয়া হয়েছে। তবে আব্দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com