রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

পরিবার ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে মাবুদকে অস্থির দেখাচ্ছিল। এর কারণ তিনি কাউকে বলেননি, পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে তাঁকে তেমন কিছু জিজ্ঞেস করেননি। ঘটনার দিন সকালে মাবুদ ও তাঁর ভাই একসঙ্গে নাশতা করেন। এরপর ভাই একটি সিম কোম্পানিতে চাকরির কাজে বেরিয়ে যান, আর মা নিজেদের কৃষিজমিতে কাজ করতে মাঠে যান। কাজ শেষে বাড়ি ফিরে মা দেখেন, মাবুদ নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাঁকে না ডেকে তিনি দুপুরের রান্না করতে রান্নাঘরে চলে যান।

রান্না শেষে বিকেল সাড়ে তিনটার দিকে খেতে ডাকতে গিয়ে মা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি জোরে ধাক্কা দিলে ভেতরের ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়। এ সময় তিনি ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান। মাবুদ ঘরের বাঁশের সরের সাথে প্লাস্টিকের লাইলন রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে।

তাঁর মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, মাবুদ ছিলেন শান্ত ও নম্র স্বভাবের। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার বা স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাবুদের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com