রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধি (শুভাশিস গোস্বামী):: বান্দুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের নুরনগর এলাকার জনগনের সাথে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়কালে এলাকার মুরুব্বিরা তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ ও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “আমরা আর শুধু মুখের মিষ্টি কথা বা মিথ্যে প্রতিশ্রুতি চাই না। যার দ্বারা প্রকৃতপক্ষে এলাকার উন্নয়ন হবে, আমরা তাকেই পাশে চাই। আমরা এবার কাজের সুনির্দিষ্ট সূচনা দেখতে চাই।”
আবেগাপ্লুত হয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রুবেল তালুকদার বলেন, “আজ আপনাদের সুনির্দিষ্ট বক্তব্য ও চাওয়া আমার চোখ খুলে দিয়েছে। আপনারা ঠিকই বলেছেন-বছরের পর বছর আপনারা শুধু প্রতিশ্রুতিই শুনেছেন, কিন্তু নুরনগরের ৮ নম্বর ওয়ার্ডের মাটির কোনো বাস্তব পরিবর্তন হয়নি। বর্ষা এলেই কাদায় ভেসে যাওয়া রাস্তাঘাট, অবহেলিত ড্রেনেজ ব্যবস্থা এবং তরুণদের খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগের অভাব-এ দুঃখ শুধু আপনাদের একার নয়, এ দুঃখ আমারও।”
তিনি আরও বলেন, “আমি আজ আপনাদের কাছে শুধু চেয়ারম্যান পদের ভোট বা সুবিধা চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের সন্তান ও ভাই হিসেবে পাশে দাঁড়াতে। চেয়ারম্যান পদ কোনো ক্ষমতার দাপট দেখানোর আসন নয়, এটি সাধারণ মানুষের সেবা করার আমানত। আমি কথা দিচ্ছি, চেয়ারে বসার প্রথম দিন থেকেই আমরা প্রতিশ্রুতির বদলে কাজের বাস্তবায়ন শুরু করব। আমাদের মুরুব্বিদের সম্মানজনক নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সঠিক পথে নেওয়াই হবে আমার মূল অগ্রাধিকার।”

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দূর্জয় মাহমুদ সোহেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, জনগণের সেবা করাই মূল উদ্দেশ্য। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি, নির্বাচিত হই বা না হই-সুখে-দুঃখে সর্বাবস্থায় আমি আপনাদের পাশেই থাকব।”
এসময় বক্তারা এলাকার দীর্ঘদিনের অবহেলা দূর করে নুরনগরকে একটি আধুনিক ও সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।