শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

প্রেসিডেন্ট কাপ টার্গেটবলে বাংলাদেশের দ্বিমুকুট জয়

প্রেসিডেন্ট কাপ টার্গেটবলে বাংলাদেশের দ্বিমুকুট জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক টার্গেটবলে দ্বি-মুকুট জিতেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবলের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার ৯ অক্টোবর ফাইনালে নারী বিভাগে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে পুরুষ বিভাগে পেনাল্টি শুটআউটে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মেহেদী হাসানরা। নারী বিভাগের ফাইনালে ভারতের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। সারাবান তহুরার নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ১০-৩ গোলে জয় তুলে নেয় লাল-সবুজের দল।

শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের সম্মিলিত নৈপুণ্যে ভারত কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। পুরুষ বিভাগের ফাইনাল অবশ্য ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ের খেলায় বাংলাদেশ ও ভারত ৪-৪ গোলে সমতায় থাকে। এরপর পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুচাপ সামলে জয় তুলে নেন মেহেদী হাসানরা।

এবারের আসরে স্বাগতিক নেপাল ছাড়াও অংশ নেয় বাংলাদেশ, ভারত, ভুটান ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় দুই বিভাগেই শিরোপা জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে ৪৩ সদস্যের বাংলাদেশ দলের। দুই বিভাগে শিরোপা জয়ের এই সাফল্য দেশের টার্গেটবলে নতুন উদ্দীপনা যোগাবে বলে আশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com